যে ড্রাম আসে না

তেলের দাম লিটারে বিশ টাকা বাড়ছে। খবরটা শুইনাই সমিতির জরুরি সভা ডাকলাম। কোষাধ্যক্ষের কাজ হইলো বিপদ আসার আগে হিসাব করা।
আমাদের বিল্ডিংয়ে ডিজেল আসে ভ্যানে। কাগজে ড্রাম লেখা থাকে বেশি, ভ্যান থেইকা নামে কম। এইটা পুরান ব্যাপার। সবাই জানে, কেউ কিছু বলে না।
সভায় বুঝাইলাম, দাম বাড়ছে সব ড্রামের। যেগুলা আসে, সেগুলার। যেগুলা আসে না, সেগুলারও। বাজারে কারো জন্য ছাড় নাই।
তাই সার্ভিস চার্জ বাড়ানো হইলো। যে ড্রাম আসে, তার জন্য একটু। যে ড্রাম আসে না, তার জন্য বেশি, কারণ ওইগুলার হিসাব রাখা বেশি কষ্টের।
করিম সাহেব হাত তুললেন। জিগাইলেন, যে ড্রাম আসে না, তার টাকা আমরা কারে দেই?
প্রশ্নটা ঠিক বুঝলাম না। বললাম, পরে বুঝায়ে বলবো।
বাতেন সভায় ছাতা নিয়া আসছিলো। বৃষ্টি হয় নাই।
সভার মাঝখানে কারেন্ট গেলো। জেনারেটর চললো না। অন্ধকার থেইকা বাতেন জানাইলো, ডিজেল শেষ।
মোমবাতি জ্বালায়া নতুন রেটটা সবাইরে পইড়া শুনাইলাম। কেউ আপত্তি করলো না। অন্ধকারে কারো হাত দেখা যায় নাই।
ফ্ল্যাট ২বি