ডিমের দাম

ডিমের দাম বাড়ছে। ডজন এখন একশো ষাট টাকা।
সংসারে সংকট আসলে কর্তারে সামনে দাঁড়াইতে হয়। তাই রাতের খাবারে ঘোষণা দিলাম, কাল থেকে এই বাসায় সবাই দিনে একটা কইরা ডিম। কষ্টের সময় সবার সমান ত্যাগ।
সবার একটা, আমার দুইটা। সংসার চালাই মাথা খাটাইয়া, মাথায় প্রোটিন লাগে।
আম্মা একটা পাইলেন। রোকসানার প্লেটে ডিম দেখলাম না। জিগাইলাম, তোমারটা কই? বললো, রান্না করতে করতে খাইয়া ফেলছি।
বউরা রান্না করতে করতে খায়, এইটা আমি আগেও খেয়াল করছি। এই কারণেই মেয়েদের ওজন বাড়ে।
নিচতলায় কিছুক্ষণের জন্য কারেন্ট গেলো, আবার আসলো। কেউ কিছু বললো না।
রাত দুইটায় ফেসবুকে পোস্ট দিলাম, কঠিন সময়ে পরিবারের জন্য ত্যাগ করতে শিখুন। অনেক লাইক পড়লো।
সকালে দেখি রোকসানা পোস্টটায় কমেন্ট করছে। লিখছে, আলহামদুলিল্লাহ, আমরা শিখতেছি।
আমি লাইক দিলাম। তারপর নাস্তায় বসলাম। প্লেটে দুইটা ডিম।
ফ্ল্যাট ৫এ