বিজয় ও পুনর্মিলন

সাত-ছয়। আমি জিতছি। এক ভোটে। গণতন্ত্রে এক ভোটই যথেষ্ট, বেশি হইলে অহংকার আসে।
সন্ধ্যায় সবাইরে ডাকলাম। আমার ড্রইংরুমে। এইবার গরম সিঙ্গারা।
আমি বললাম, "এই নির্বাচনে কেউ হারে নাই। বিল্ডিং জিতছে।" হাততালি। মান্নান পিছনে দাঁড়ায়ে ছিলো। আমি ডাকলাম, "মান্নান, সামনে আসো।"
ও আসলো। আমি ওরে জড়ায়ে ধরলাম। বললাম, "মানুষ ভাবে আমরা প্রতিদ্বন্দ্বী। আমরা সবসময় এক টিম ছিলাম। আজ থেইকা মান্নান কোষাধ্যক্ষ। এবং উন্নয়ন উপদেষ্টা। সিল সহ।"
বাতেন একটা কাঠের বাক্স আনলো। ভিতরে সিল। মান্নান সিলটা হাতে নিয়া দেখলো, আলোর দিকে ধইরা। মানুষ প্রথম সিল পাইলে এমন করে।
তানিয়া হাত তুললো। বলল, "আঙ্কেল, ডিজেল বিলের অডিটটা?"
আমি বললাম, "অডিট হবে মা। মান্নানই করবে। যে হিসাব রাখছে, সে-ই তো সবচেয়ে ভালো জানে কোথায় কী আছে।"
তানিয়া আর কিছু বলল না। যুক্তি শুনলে মানুষ চুপ হয়।
তারপর আমি ঘোষণা দিলাম, "সুখনীড় Family (Official) Final 3 গ্রুপটা এখন থেইকা অফিসিয়াল। Final 2 বন্ধ।" মান্নান মাথা নাড়লো। গ্রুপটা ওরই খোলা, আমি জানি। ভালো গ্রুপ। মেম্বার বাছাই করা।
সবাই যাওয়ার পর মান্নান আর আমি বসলাম। ও বলল, "ভাই, মানুষ কী বলবে?" আমি বললাম, "মানুষ বলবে ঐক্য। আমি চেয়ার নিছি, তুমি টাকা নিছো। এইটারে বলে টিমওয়ার্ক। একজন দেখে, একজন রাখে।"
নামার সময় গেটে রমজান দাঁড়ায়ে। ও বলল, "স্যার, চাবি সবসময় একই গোছার। মানুষ বদলায়, তালা বদলায় না।"
আমি বুঝলাম না। গেটের চাবির কথা বলতেছে সম্ভবত। আমি ওরে দুইশো টাকা দিলাম। আনুগত্যের জন্য। ও বলল, "জি স্যার।" এই ছেলেটা ভালো। কথা কম বলে, কাজ বোঝে।
বিশ্বাসই সমাজের ভিত্তি। আজকে প্রমাণ হইলো।
ফ্ল্যাট ৭