খাতা কেনার রসিদ ফাঁসের পর "নিরপেক্ষ" তদন্ত কমিটি, সদস্য কোষাধ্যক্ষ নিজেই

উন্নয়ন তহবিলের অর্থে খাতা কেনার রসিদের ছবি ছড়িয়ে পড়ার পর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন সুখনীড় ফ্ল্যাট ওনার্স কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার চৌধুরী (৬২)।
কমিটির সভাপতি তিনি নিজে। সদস্য সচিব ভবন ব্যবস্থাপক বাতেন (৪০)। সদস্য পঞ্চম তলার বাসিন্দা মকবুল হোসেন (৪৮), যাকে নিরপেক্ষতার কারণে রাখা হয়েছে। অপর সদস্য কোষাধ্যক্ষ আব্দুল মান্নান (৫২), যার বিরুদ্ধেই অভিযোগ।
অভিযুক্তকে কমিটিতে রাখার কারণ জানতে চাইলে সভাপতি বলেন, এতে সময় বাঁচে, তাকে আলাদা করে ডাকতে হয় না।
কমিটিকে ছবিটি কে তুলেছেন ও কে ছড়িয়েছেন, তা খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে। তহবিলের অর্থ কোথায় গেছে, তা কমিটির কার্যপরিধির বাইরে।
প্রথম শুনানি সোমবার সভাপতির বসার ঘরে। আপ্যায়নের ব্যয় তহবিল থেকে বহন করা হবে।